
মোঃ আনোয়ার হোসেন রাজু, মালদ্বীপ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান চার দিনের ব্যক্তিগত সফরে মঙ্গলবার (২৮ জুলাই) মালদ্বীপে পৌঁছেছেন।
মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নাসিরনগরের প্রবাসী বাংলাদেশি, মালদ্বীপ বিএনপির নেতাকর্মী ও স্থানীয় কমিউনিটির সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, সহ-সভাপতি ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।
সফরকালে এম এ হান্নান মালদ্বীপে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা, কল্যাণ ও নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন-সংক্রান্ত মতামত গ্রহণ করবেন বলেও জানা গেছে।
মালদ্বীপে আগমনের পর তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী এলাকার প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ব্যাপক সমর্থন দিয়েছেন। সেই ভালোবাসা ও আস্থার প্রতি কৃতজ্ঞতা জানাতেই মূলত তার এই ব্যক্তিগত সফর।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া প্রবাসী কার্ড কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের যোগ্য সব প্রবাসীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের অন্যান্য নির্বাচনী এলাকার প্রবাসীরাও যেন এ সুবিধার আওতায় আসতে পারেন, সে বিষয়েও সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এম এ হান্নান মালদ্বীপে কর্মরত নাসিরনগরের প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যাওয়ার আহ্বান জানান।