পটুয়াখালীতে ওলামা দলের মতবিনিময় সভা: সংগঠনকে শক্তিশালী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ
প্রকাশিত:
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৪৩
বার পড়া হয়েছে
আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: পটুয়াখালী জেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২০ অক্টোবর, ২০২৬) রাত ৮ ঘটিকায় পটুয়াখালীর ‘সুরাইয়া ভিলা’য় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা ওলামা দলের সাবেক সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না (পান্না ভাই)।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, পটুয়াখালী পৌর ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ হযরত মাওলানা শহিদুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দল ও বরিশাল বিভাগীয় ওলামা দল টিম সদস্য আবুল কালাম আজাদ, এবং মির্জাগঞ্জ উপজেলা ওলামা দলের সহ-সভাপতিসহ পটুয়াখালী, দুমকি, মির্জাগঞ্জ ও দশমিনা উপজেলার বিভিন্ন পর্যায়ের ওলামা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জেলা ওলামা দলের নেতা মাওলানা শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্য ও দিকনির্দেশনা
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের ও দলের ক্রান্তিলগ্নে ওলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায়ে ওলামা দলকে আরও গতিশীল করতে সুনির্দিষ্ট প্রস্তাবনা ও পরিকল্পনা আহ্বান করেন। এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, মসজিদ-মাদ্রাসা ও সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, কেন্দ্র থেকে ৫ হাজার নতুন টিউবওয়েলের বরাদ্দ চাওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী এতে অনুমোদন দিয়েছেন। খুব দ্রুতই স্কুল, কলেজ, মসজিদ, হাটবাজার ও জনবহুল এলাকা ছাড়াও বাড়ি বাড়ি এসব টিউবওয়েল বিতরণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না (পান্না ভাই) সংগঠনকে সুন্দর ও সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে নতুন করে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন এবং বিগত দিনে দলীয় নাম ভাঙিয়ে বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজির তীব্র প্রতিবাদ জানান।
সভায় পটুয়াখালী জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন একটি সুসংগঠিত ও শক্তিশালী ওলামা দল গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি কেন্দ্রীয় ওলামা দলের নেতা আবুল কালাম আজাদসহ অন্যান্য বক্তারা বলেন, আলেম-ওলামারা সবসময় সম্মান ও মর্যাদার সাথে কাজ করতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ওলামা দলকে আরও সুসংগঠিত ও স্বচ্ছ করার আহ্বান জানিয়ে তারা দলের ভেতরে কোনো ধরনের অনিয়ম বা অপকর্ম বরদাস্ত করা হবে না বলে দৃঢ় উচ্চারণ করেন। বক্তারা আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি কাজী হযরত মাওলানা সেলিম রেজা ও সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পটুয়াখালী, দুমকি ও মির্জাগঞ্জে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং লক্ষাধিক ভোটের ব্যবধানে আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। দক্ষিণ বাংলার জননেতা আলতাফ হোসেন চৌধুরীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে মাওলানা শাহাদাত হোসেনের ইসলামী সংগীত পরিবেশন ছাড়াও স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা হয়। পরিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, দেশের অর্থনীতি পুনরুদ্ধার, দেশবাসীর শান্তি-সমৃদ্ধি এবং দলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে।