বিশেষ প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং (সিইজিই) বিভাগ আয়োজিত গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো ২০২৬-এ বাংলাদেশি প্রকৌশলী ও পিএইচডি গবেষক মো. ফেরদৌস ওয়াহিদের গবেষণা ‘মোস্ট কম্পেলিং প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নলটন হলে আয়োজিত প্রদর্শনীতে জমা দেওয়া গবেষণা প্রস্তাব ও সারসংক্ষেপ থেকে নির্বাচিত ৩০টি গবেষণা পোস্টার উপস্থাপিত হয়। “AIDriven Structural Performance Prediction for Reinforced Concrete Members with Discontinuities” শীর্ষক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটেশনাল মডেলিং ব্যবহার করে জটিল কংক্রিট কাঠামোর শক্তি ও অভ্যন্তরীণ আচরণ পূর্বানুমানের পদ্ধতি তৈরি করছেন ফেরদৌস ওয়াহিদ। ১০ ধরনের কাঠামোর ৯২টি বেঞ্চমার্ক কেস যাচাই এবং ৮৬৪টি ডিপ বিম বিশ্লেষণের ভিত্তিতে তৈরি তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল লোড বহনক্ষমতা পূর্বানুমানে প্রায় ০.৯৯ আর-স্কয়ার্ড এবং অভ্যন্তরীণ রেসপন্স ফিল্ডের চিত্রভিত্তিক পূর্বানুমানে প্রায় ৯৮ শতাংশ পিক্সেল নির্ভুলতা অর্জন করেছে।
আইডিয়া স্ট্যাটিকা তাদের ওয়েবসাইটে ফেরদৌস ও তাঁর গবেষণা তত্ত্বাবধায়কদের নামসহ গবেষণাটি প্রকাশ করেছে এবং ২০২৫ সালের জনপ্রিয় প্রকৌশলবিষয়ক প্রকাশনার সংকলনেও তুলে ধরেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন সফটওয়্যার বিশ্বের ১১৭টির বেশি দেশে ব্যবহৃত হয় এবং গত ১২ মাসে সামগ্রিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ১৭৩ জন। এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ওহাইও (GmBGII) তাঁকে ‘গ্র্যাজুয়েট এডুকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করে। ওহাইও অঙ্গরাজ্যের যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে প্রতিবছর মাত্র একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
জটিল রিইনফোর্সড কংক্রিট ওয়াকিং কলামের ওপর গবেষণার জন্য তিনি এই স্বীকৃতি পান। পাশাপাশি সিইজিই বিভাগ তাঁকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভাগের একমাত্র শিক্ষার্থী হিসেবে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষেও ওহাইও স্টেট ইউনিভার্সিটির মর্যাদাপূর্ণ প্রেসিডেনশিয়াল ফেলোশিপের জন্য মনোনীত করেছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করা ফেরদৌস বাংলাদেশের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর শিক্ষকতা করেছেন। ২০২৩ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গবেষণা শুরু করে ২০২৪ সালে সেখান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত