আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর মোসা. ইসরাত জাহান যুথি (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে।
নিহত ইসরাত জাহান ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া মাছুয়াখালী গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে সুবিদখালী র.ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে মাছুয়াখালী গ্রামের একটি সুপারির বাগান ও পানের বরজের মাঝখানের নালা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে স্কুলের দিকে রওয়ানা হয় যুথি। প্রতিদিন দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফিরলেও ঐ দিন সে আর ফিরে আসেনি। স্বজনরা স্কুলে খোঁজ নিলে শিক্ষকরা জানান, সে সেদিন স্কুলেই উপস্থিত হয়নি। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালাতে থাকেন।
নিহতের বাবা মো. জামাল হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে তাঁদের বাড়ির মমতাজ নামের এক নারী সুপারি বাগানের কাছে যুথির জুতা দেখতে পান। পরবর্তীতে সেখানে খোঁজাখুঁজির একপর্যায়ে নালায় তার বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার খবর পেয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন এবং জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দেন।
হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, "প্রাথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।"
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত