আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং (Liu Haixing)। সফরকালে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, রাজনৈতিক গোলটেবিল সংলাপ এবং বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় চীনা প্রতিনিধিদলটি। বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন-এমপি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ-এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
সফরের প্রথম কার্যদিবসে আজ বুধবার (৪ নভেম্বর) সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন চীনা প্রতিনিধিদলের প্রধান।
এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতে লিউ হাইশিংয়ের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন (Liu Yuyin), আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন (Peng Xiubin), জনতথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং (Hu Zhaoming)-সহ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
পরবর্তীতে বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন লিউ হাইশিং। সেখানে তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতির আয়োজিত স্বাগত মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘Where History Illuminates the Future: China-Bangladesh Political Parties Plus’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ এবং ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ’-এর শুভ উদ্বোধন করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। বিকেলে তিনি জাতীয় জাদুঘর ও চীনা দূতাবাসের বর্তমান ও সাবেক চ্যান্সারি ভবন পরিদর্শন করবেন। সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি একটি জীবিকা সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। সর্বশেষে সফর সম্পন্ন করে ঐদিনই দুপুরে ঢাকা ত্যাগ করবেন চীনা প্রতিনিধিদলের প্রধান।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত