আবুল কালাম আজাদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বরিশালের লাকুতিয়া বায়তুন নাজাত জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুস সালাম। বক্তব্যে তিনি বলেন, "রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান, জমিন, লৌহ ও কলম কিছুই সৃষ্টি হতো না।" এ সময় তিনি স্থানীয় মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়নে আলোকপাত করার পাশাপাশি মির্জাগঞ্জ থেকে আগত বিশিষ্ট সাংবাদিক ও ইসলামিক চিন্তাবিদ আবুল কালাম আজাদকে বিশেষভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। একই সাথে প্রতি বছর এই মসজিদে বিশ্বনবীর মিলাদ মাহফিল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল কালাম আজাদ। তিনি রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ তুলে ধরে বলেন, "আমাদের বাকি জিন্দেগি যেন বিশ্বনবীর সুন্নাহ ও আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।" বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মদিনার সনদের নীতি ও রাসুল (সা.)-এর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনার রূপরেখা ব্যক্ত করেছেন। দেশকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত রেখে রাসুল (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করেন।
আলোচনা ও মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওলানা খলিফা পীর সাহেব। মোনাজাত শেষে আগত শত শত তৌহিদী জনতার মাঝে তাবারক বিতরণ করা হয়।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত