*ঐতিহাসিক গণতান্ত্রিক মাইলফলক ও বাংলাদেশ-মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতি মুইজ্জুর
আনোয়ার হোসেন রাজু, মালদ্বীপ থেকে : মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর নির্বাচনে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি ড. মুইজ্জু নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তাঁর অভিনন্দনবার্তায় মহামান্য রাষ্ট্রপতি ড. মুইজ্জু উল্লেখ করেন যে, ৩৫ বছরের মধ্যে বাংলাদেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেশটির গণতান্ত্রিক অভিযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, এই নির্বাচন নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
মহামান্য রাষ্ট্রপতি ড. মুইজ্জু উল্লেখ করেন যে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ক সুদৃঢ় ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতি অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত। তিনি আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হবে এবং আগামী দিনগুলোতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে এগিয়ে যাবে।
রাষ্ট্রপতি ড. মুইজ্জু তাঁর বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়াদকালে বাংলাদেশের স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু, মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি এই উষ্ণ অভিনন্দন ও বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছার জন্য বাংলাদেশ হাইকমিশন, মালে আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ধন্যবাদ প্রকাশ করেছে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি মহামান্য রাষ্ট্রপতি মুইজ্জুর স্বীকৃতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ হাইকমিশন অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে তার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মালদ্বীপের প্রেসিডেন্টের অফিসের সরকারি বিবৃতি।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত