মাওলানা মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার।
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালকে দেশের স্বাস্থ্যসেবার অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর সার্বিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. জুবাইদা রহমানের প্রতি প্রতিষ্ঠানটিকে নিজের প্রতিষ্ঠান মনে করে এর উন্নয়ন ও আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে অনুষ্ঠিত ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, একসময় হলি ফ্যামিলি হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আস্থা, সুনাম ও উৎকর্ষের প্রতীক ছিল। তিনি উল্লেখ করেন, ডা. জুবাইদা রহমানের সঙ্গে এই প্রতিষ্ঠানের একটি গভীর আবেগঘন সম্পর্ক রয়েছে। তাঁর একমাত্র কন্যাসন্তানের জন্মও এই হাসপাতালেই হয়েছিল। সেই আত্মিক বন্ধন ও ভালোবাসার টান থেকেই তিনি আজ এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন, স্বাস্থ্য বাজেট সম্প্রসারণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিকাশে ডা. জুবাইদা রহমানের পরিবারের অবদান ইতিহাসের অংশ হয়ে আছে। জাতি সেই অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। তিনি আশা প্রকাশ করেন, সেই গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় ডা. জুবাইদা রহমানও হলি ফ্যামিলি হাসপাতালের উন্নয়ন, আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
চীফ হুইপ বলেন, বর্তমানে একসময়কার দেশের অন্যতম সেরা এই হাসপাতালটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। তবে সুদূরপ্রসারী পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও দেশের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
তিনি বলেন, “আমরা আপনার কাছে কোনো নির্দিষ্ট দাবি নিয়ে আসিনি। শুধু চাই, আপনি এই হাসপাতালটিকে নিজের প্রতিষ্ঠান মনে করে এর উন্নয়নে যা যা প্রয়োজন, সেই উদ্যোগ গ্রহণ করবেন। আপনার আন্তরিক সম্পৃক্ততা এই প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন যুগান্তকারী কর্মসূচি বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডে ডা. জুবাইদা রহমানের সহযোগিতা ও সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়। একই সঙ্গে তিনি চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করতে নিষ্ঠা, পেশাদারিত্ব, গবেষণামুখী মনোভাব এবং মানবিক সেবার আদর্শকে ধারণ করে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। অধ্যাপক কে. এম. মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি; বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল; অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার; অধ্যাপক ডা. হারুন আল রশীদ; অধ্যাপক ডা. মো. রফিকুল কবির এবং ডা. এইচ. এম. মোফাখখারুল ইসলাম (রানা)।
এছাড়া অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষে মাননীয় চীফ হুইপ হলি ফ্যামিলি হাসপাতালের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে সকলের সম্মিলিত উদ্যোগ, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এল মল্লিক কমপ্লেক্স (৭ম তলা) ১২ পুরানা পল্টন, ঢাকা।
মোবাইল : ০১৭৫০৬১৫৯৪১
ই-মেইল : banglatv71sm@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত